শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » আইন-আদালত | আর্ন্তজাতিক | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। দীর্ঘদিন বিচারহীনতা, সামরিক দমন-পীড়ন এবং রোহিঙ্গাদের বাস্তুচ্যুত করার অভিযোগে অভিযুক্ত মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে এবার আরও কঠোর নিষেধাজ্ঞার দাবি জোরালো হচ্ছে।
বিশেষ করে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মতো প্রভাবশালী শক্তিগুলো রায়ের পর কী পদক্ষেপ নেয় তার ওপর নির্ভর করছে অনেক কিছু। যদিও আইসিজের রায় এবং নিষেধাজ্ঞা আরোপ দুটি পৃথক প্রক্রিয়া।
আদালতের রায় স্বয়ংক্রিয়ভাবে কোনো দেশের ওপর অর্থনৈতিক বা বাণিজ্যিক নিষেধাজ্ঞা কার্যকর করে না। নিষেধাজ্ঞার জন্য সংশ্লিষ্ট দেশ বা জোটের নিজস্ব রাজনৈতিক ও আইনি সিদ্ধান্ত প্রয়োজন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার ক্ষেত্রে আবার ৫ স্থায়ী সদস্যের ভেটোসহ আলাদা রাজনৈতিক বাস্তবতা রয়েছে।
যুক্তরাজ্য: আইসিজের রায়ের পরই দৃশ্যমান পদক্ষেপ
রায়ের পর সবচেয়ে তাৎক্ষণিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জানিয়েছেন, মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে আগে থেকে থাকা নিষেধাজ্ঞার পাশাপাশি যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একইসঙ্গে রায় নিয়ে জরুরি বৈঠকের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশন আহ্বান করেছে লন্ডন। মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও তলব করার সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আরও পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে ব্রিটিশ সরকার।
ইউরোপীয় ইউনিয়ন: ক্ষতিপূরণ ও রায় পূর্ণ বাস্তবায়নের দাবি
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আইসিজের রায়কে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেছে। এক বিবৃতিতে ইইউ বলেছে, রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করা সংকটের টেকসই সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য।
ইইউর সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য হলো, মিয়ানমারকে বিলম্ব না করে আইসিজের রায় পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়টিও বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
ইইউ আরও বলেছে, আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্ত মানা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা।
মিয়ানমারের ওপর ইইউ’র নিষেধাজ্ঞা এখনো বহাল আছে। ২০২৬ সালের ২৭ এপ্রিল ইইউ মিয়ানমারের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা আরও এক বছরের জন্য, অর্থাৎ ২০২৭ সালের ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। বর্তমানে ইইউর নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে মিয়ানমারের ১০৫ ব্যক্তি ও ২২টি প্রতিষ্ঠান। এর মধ্যে সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা, অস্ত্র নিষেধাজ্ঞা এবং সামরিক বাহিনীর সঙ্গে প্রশিক্ষণ ও সহযোগিতা বন্ধের ব্যবস্থা রয়েছে।
ইইউর হাতে নিষেধাজ্ঞা সম্প্রসারণের বিদ্যমান কাঠামো রয়েছে। তবে আইসিজের রায়ের পর নতুন করে কারা নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
কানাডা: গণহত্যার স্বীকৃতি থেকে জবাবদিহির প্রশ্ন
কানাডা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক পরিসরে তুলে আসছে। ২০১৮ সালে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স সর্বসম্মতিক্রমে রোহিঙ্গাদের ওপর সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে প্রস্তাব গ্রহণ করে।
আইসিজের রায়ের পর কানাডা একে ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে স্বাগত জানিয়েছে। দেশটি এর আগে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ৭০০ মিলিয়ন কানাডীয় ডলারের বেশি আন্তর্জাতিক সহায়তা দিয়েছে এবং মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট ২৪০টির বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে কানাডার পক্ষ থেকে জানানো হয়েছে।
কানাডার অবস্থানের গুরুত্বপূর্ণ দিক হলো, তারা শুধু মানবিক সহায়তার মধ্যে নিজেদের ভূমিকা সীমাবদ্ধ রাখেনি, সামরিক কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টির জন্য নিষেধাজ্ঞাও ব্যবহার করেছে।
যুক্তরাষ্ট্রের অবস্থান
মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর চাপ সৃষ্টিতে ওয়াশিংটনের অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব উল্লেখযোগ্য। আইসিজের রায়ের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা আদালতের রায় পর্যালোচনা করছে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিষয়ে সতর্ক থাকার কথা বলেছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্র রোহিঙ্গা এবং মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে চলমান মানবাধিকার লঙ্ঘন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশটি রোহিঙ্গা সংকট মোকাবিলায় বিশ্বের সবচেয়ে বড় একক মানবিক সহায়তাদাতা বলেও জানিয়েছে।
তবে লক্ষণীয় বিষয়, রায়ের পরপরই যুক্তরাষ্ট্র নতুন কোনো নিষেধাজ্ঞা, সামরিক নিষেধাজ্ঞা বা বাণিজ্যিক অবরোধের ঘোষণা দেয়নি।
অস্ট্রেলিয়ার অবস্থান
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানিয়েছেন, অস্ট্রেলিয়া আইসিজের রায় এবং এর প্রভাব আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা করে পর্যালোচনা করবে। দেশটি ইতোমধ্যে মিয়ানমারের সামরিক শাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। রায় পুরোপুরি বাস্তবায়নেরও আহ্বান জানিয়েছে।
নরওয়ের অবস্থান
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেছেন, গণহত্যা আন্তর্জাতিক আইনের সবচেয়ে গুরুতর অপরাধগুলোর একটি। রায়ের মাধ্যমে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার বিষয়ে সব রাষ্ট্রের বাধ্যবাধকতা আরও স্পষ্ট হয়েছে।
জাতিসংঘের অবস্থান
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রায়কে আন্তর্জাতিক ন্যায়বিচারের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেছেন, মিয়ানমারকে অপরাধীদের তদন্ত, বিচার ও শাস্তি, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে।
এছাড়া জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বিশ্বের বিভিন্ন দেশকে মিয়ানমারে সামরিক সরঞ্জাম, জেট ফুয়েল ও দ্বৈত ব্যবহারযোগ্য সামগ্রী সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, রোহিঙ্গাদের ওপর গণহত্যার ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং তাদের নিরাপদ প্রত্যাবাসনে জাতিসংঘসহ বহুপক্ষীয় সংস্থা ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ।
প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শক্তিশালী অবস্থান দিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে জোরালোভাবে আলোচনা এগিয়ে নেওয়া হবে।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরু করতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর বড় সুযোগ তৈরি করেছে।
তিনি বলেছেন, এই রায়ের ভিত্তিতে মিয়ানমার সরকার ও রাখাইনে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়ানো সম্ভব হবে। এর মাধ্যমে যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরু করার পথ তৈরি হতে পারে।
রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক ঐতিহাসিক রায় দেয়। রায়ে উল্লেখ করা হয়, রাখাইনে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে মিয়ানমারের বাহিনী।




সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার
সন্দেহের বশে বাংলাদেশি বলে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
এআই দিয়ে আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার 