শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » ছুটির দিনে | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » রোহিঙ্গা প্রত্যাবাসনে বাধা কি? চীন-রাশিয়া
রোহিঙ্গা প্রত্যাবাসনে বাধা কি? চীন-রাশিয়া
বিবিসি২৪নিউজ,ডিজিটাল রিপোর্ট: রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার সরকার জেনোসাইড বা জাতিগত নিধন চালিয়েছে বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। কয়েক দশক ধরে চালানো নিপীড়ন ও নির্যাতনের এই আন্তর্জাতিক স্বীকৃতিকে ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে আদালতের এমন রায়ের পরও বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গার নিজ দেশে ফেরার পথ এখনো অনিশ্চিত।
রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো নিয়ে বিভিন্ন সময় আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় পর্যায়ে নানা আলোচনা হলেও প্রত্যাবাসন প্রক্রিয়া খুব একটা এগোয়নি। এখন আন্তর্জাতিক বিচার আদালত তার রায়ে প্রত্যাবাসন সহজ করার নির্দেশ দেওয়ায় প্রশ্ন উঠে—রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে বাংলাদেশ কী করতে পারে। সেই সঙ্গে শরণার্থীদের নিজ দেশে ফেরার ক্ষেত্রে রায়টি কতটা কাজে আসবে, এই আলোচনাও হচ্ছে।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান ও নির্যাতনের মুখে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসে। তবে এর আগে থেকেই দেশটিতে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চলছিল। তখনও কয়েক দফায় আশ্রয় নেওয়ার ঘটনা ঘটে। বর্তমানে তারা বাংলাদেশের বিভিন্ন আশ্রয়শিবিরে মানবেতর জীবনযাপন করছে।
বিশেষজ্ঞরা বলছেন, আইসিজের রায় রোহিঙ্গাদের নৈতিক ও আইনি শক্তি জোগালেও তাদের শিগগিরই প্রত্যাবাসনের সম্ভাবনা তৈরি হয়নি। রায়টি বাংলাদেশের কূটনৈতিক অবস্থান শক্তিশালী করেছে। তবে এটি বাস্তবায়নে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকা, চীন-রাশিয়ার অবস্থান এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত বড় বাধা। রোহিঙ্গাদের নাগরিকত্ব, জাতিগত স্বীকৃতি ও নিরাপত্তার নিশ্চয়তা না থাকাও প্রত্যাবাসনে অনিশ্চয়তা তৈরি করেছে। এ পরিস্থিতিতে আরাকান আর্মিসহ মিয়ানমারের বিভিন্ন পক্ষকে আলোচনায় আনা, আন্তর্জাতিক জনমত তৈরি ও প্রভাবশালী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা।
বিশেষজ্ঞরা মনে করেন, প্রত্যাবাসনের আগে রাখাইনে রোহিঙ্গাদের বসতভিটা, নিরাপদ পরিবেশ ও নাগরিক অধিকার নিশ্চিত করা জরুরি। শুধু মিয়ানমার সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করে সংকটের সমাধান সম্ভব নয়। এ জন্য চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী দেশ এবং গাম্বিয়াসহ আইসিজের মামলার সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে আরাকান আর্মি ও মিয়ানমারের অন্যান্য পক্ষকে সম্পৃক্ত করতে হবে। প্রত্যাবাসনের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা না করে তারা সরকারকে বাস্তবসম্মত পরিকল্পনা, আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনৈতিক প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়ার কথা বলছেন।
রায় বাস্তবায়নে প্রয়োজন বহুমুখী উদ্যোগ
রোহিঙ্গা সংকট সমাধানে আইসিজের রায় বাংলাদেশের জন্য নৈতিক বিজয় হলেও তা বাস্তবায়নে বহুমুখী সংকট রয়েছে বলে মনে করেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক মুক্ত আলোচনা সভায় তিনি বলেন, রায় কার্যকর করতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা, মিয়ানমার ও রাখাইনে ক্ষমতাসীন শক্তিগুলোর সঙ্গে আলোচনা এবং দেশের ভেতরে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন। রোহিঙ্গা সংকটকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে বহুমুখী উদ্যোগ নিতে হবে।
তিনি জানান, আইসিজের রায়টি কিছুটা জটিল। আদালত মিয়ানমারকে দায়ী করেছে। তবে এ দায় মিয়ানমারের বর্তমান সরকার না কি অতীতের সরকারের ওপর বর্তাবে, তা স্পষ্ট নয়। রায় বাস্তবায়নের দায়িত্ব কার ওপর পড়বে, সেটিও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না।
নিরাপদ প্রত্যাবাসনে অগ্রাধিকার সরকারের
রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরত পাঠাতে কাজ করার কথা জানিয়েছে সরকার। ২০ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, নিজেদের করা মামলার রায় অনুযায়ী ক্ষতিপূরণ নিশ্চিত করতে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিতে পারে গাম্বিয়া। এ ক্ষেত্রে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশ সব অংশীদারের সঙ্গে জোরালোভাবে কাজ করবে।
তিনি জানান, ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রক্রিয়া অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এ জন্য দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় অংশীজনদের নিয়ে কাজ করতে হবে। তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন যেন নিরাপদ হয়, সেটি নিশ্চিত করা জরুরি।
একই দিন কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে রোহিঙ্গাদের এক সমাবেশে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, আইসিজের রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে। আদালতের রায় শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না। এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কাউকে বিপদের মুখে ফেরত পাঠানো যাবে না। প্রত্যাবাসনের আগে তাদের নিরাপত্তা, বৈষম্য থেকে মুক্তি, চলাচলের স্বাধীনতা এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।
এ নিয়ে কথা হয় অভিবাসন ও শরণার্থীবিষয়ক বিশেষজ্ঞ আসিফ মুনীরের সঙ্গে। তিনি বলেন, আইসিজের রায়ের ফলে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সম্ভাবনা তৈরি হলেও তা এখনই বাস্তবায়নের সুযোগ নেই। রায়ে রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও নিপীড়নের বিষয়টি স্বীকৃতি পেয়েছে। তবে সরাসরি প্রত্যাবাসনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ক্ষতিপূরণ কীভাবে দেওয়া হবে, সেটিও আদালত পরবর্তী সময়ে নির্ধারণ করবে।
আসিফ মুনীর জানান, প্রত্যাবাসনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো, মিয়ানমার এখনো রোহিঙ্গাদের নিজেদের নাগরিক বা সেখানকার বাসিন্দা হিসেবে স্বীকার করেনি। দ্বিতীয়ত, তাদের কোথায় ফিরিয়ে নেওয়া হবে, সেই পরিবেশও তৈরি হয়নি। রোহিঙ্গাদের যেসব এলাকায় বসবাস ছিল, সেসব জায়গায় অনেক ক্ষেত্রে বাড়িঘর ধ্বংস করে নতুন স্থাপনা তৈরি করা হয়েছে। ফলে তারা ফিরে গিয়ে কোথায় থাকবে, সেটিও বড় প্রশ্ন।
তিনি বলেন, মিয়ানমারে এখনো যেসব রোহিঙ্গা রয়েছেন, তাদের অনেকেই ক্যাম্পের মতো জায়গায় বন্দিজীবন কাটাচ্ছেন। সেখানে ফিরে গিয়ে আবারও নিপীড়নের শিকার হতে হবে না, সেই নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন। রোহিঙ্গারা শুধু প্রত্যাবাসন চান না, তারা নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরতে চান।
রোহিঙ্গা সংকট সমাধানে শুধু বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপক্ষীয় আলোচনার ওপর নির্ভর না করে আন্তর্জাতিক উদ্যোগ জোরদার করার পরামর্শ দিয়েছেন আসিফ মুনীর। তিনি বলেন, রোহিঙ্গা সংকট দ্বিপক্ষীয়ভাবে সমাধানযোগ্য নয়। এটিকে আন্তর্জাতিক সমস্যা হিসেবে বিবেচনা করতে হবে। আইসিজের রায়ের কারণে এখন আন্তর্জাতিকভাবে আলোচনার একটি নতুন সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে বাংলাদেশকে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করতে হবে।
তার পরামর্শ, কথার চেয়ে কাজ বেশি করতে হবে। নীরবে ও নিভৃতে প্রস্তুতি নিতে হবে। আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে আলোচনা, কূটনৈতিক যোগাযোগ এবং প্রয়োজনীয় পরিকল্পনা এগিয়ে নিতে হবে। প্রস্তুতির অগ্রগতি হলে তা জানানো যেতে পারে। কিন্তু দ্রুত প্রত্যাবাসনের আশ্বাস দিয়ে রোহিঙ্গাদের মধ্যে প্রত্যাশা তৈরি করা ঠিক হবে না।
রোহিঙ্গাদের পক্ষে আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাংলাদেশের জন্য নিঃসন্দেহে ইতিবাচক খবর। তবে এই রায়ের ফলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন কিংবা মিয়ানমারকে তাদের ফিরিয়ে নিতে বাধ্য করার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বড় কোনো পরিবর্তন আসার সুযোগ কম। কারণ, আন্তর্জাতিক আদালতের রায় বাস্তবায়নের নিজস্ব কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থা নেই। রায় বাস্তবায়নে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকা প্রয়োজন। কিন্তু সেখানে চীন ও রাশিয়ার অবস্থানের কারণে মিয়ানমারের বিরুদ্ধে কার্যকর চাপ তৈরির ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে।




বাংলাদেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে বানাতে পারবে না: প্রধানমন্ত্রী
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
সৌদি আরবে বিমানের সব ফ্লাইট স্থগিত
সরকারের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকা 